রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অক্ষত ছিল, যা পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার (৯অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের বিস্তারিত জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে দুই-তিন মিনিট অবস্থান করেন এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যান। তাদের চলাচলের সম্ভাব্য পথ সম্পর্কে পুলিশের হাতে তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন।
পুলিশ কর্মকর্তা ইবনে মিজান জানান, জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। রাতের বেলা দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ফুটেজ পাওয়া যায়নি; সকালে প্রতিষ্ঠান খোলার পর তা সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে এতে কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি এবং বস্তুটি দেখতে অনেকটা পটকার মতো ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এলাকায় এমন নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন করা হলে উপকমিশনার বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক ব্যবহার না করে লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। আমাদের মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।
ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন