হোম / জাতীয় / ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ‘বাংলা কিউআর’ ব...
জাতীয়

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬ | ০৭:০৪ পূর্বাহ্ন
৪৯ বার পঠিত
ফন্ট:
দেশের খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের লক্ষ্য অনুযায়ী দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সম্প্রসারণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (৮অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। এতে দেশের সকল সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনকে নির্দেশনাটি অবিলম্বে কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জারি করা আদেশে উল্লেখ করা হয়, জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট প্রসারে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে রিটেইল ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু বা নবায়নের অন্যতম শর্ত হিসেবে ‘বাংলা কিউআর’ লেনদেন পেমেন্ট সার্ভিস বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

আদেশের অনুলিপি সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অধীনস্থ ইউনিয়ন পরিষদগুলোতেও বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করেন।

এর আগে ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক চিঠিতে এই উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, বর্তমানে দেশে ৩২ লাখ ৬১ হাজারেরও বেশি মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করে, ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়ার সঙ্গে বাংলা কিউআর যুক্ত করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। একই সাথে এটি দেশের কর-জিডিপি অনুপাত বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সাথে বাংলা কিউআর সেবা যুক্ত করার প্রথম নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার তা ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হলো, যার ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও নগদ লেনদেনের নির্ভরতা কমিয়ে ডিজিটাল ব্যবস্থার আওতায় আসবে।

 

 

মাতুভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+