প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পাওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রে আসার পর পরীক্ষা শুরুর মাত্র কয়েক মিনিট আগে স্থগিতের ঘোষণা দেওয়ায় চরম হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্যমতে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের ২৪২টি পদে নিয়োগের জন্য শনিবার বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ ছিল।
তবে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া আংশিক প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের মিল পাওয়ায় পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বলেন, "অপরিহার্য কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আশা করছি, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা সম্ভব হবে।"
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন