সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট এক হাজার ৮৬ জন হামে আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং বাকি এক হাজার ৫১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ তিন হাজার ৮৪৮ জনে। এ ছাড়া একই সময়ে ১৩১ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল ২২ হাজার ৩২৮ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারাদেশের হাসপাতালগুলোতে মোট এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন হামের রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন