হোম / জাতীয় / স্বাস্থ্যখাতের সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নি...
জাতীয়

স্বাস্থ্যখাতের সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
১০ অক্টোবর, ২০২৬ | ১২:১১ অপরাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে সরকার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহী নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত 'সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা' বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনসংখ্যা ও হাসপাতালের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ না দেওয়ায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এ সংকট নিরসনেই মূলত নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি অনেকাংশে বেড়েছে। বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন। চিকিৎসাসেবার মান বাড়াতে তাদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে ডা. মুহিত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্যাথলজি ল্যাব স্থাপন এবং অকেজো চিকিৎসা সরঞ্জাম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়েই রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে, ফলে রোগীদের কষ্ট করে দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।

সরকারের টিকাদান কর্মসূচির সফলতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চলমান বিভিন্ন কর্মসূচির আওতায় ইতিমধ্যে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি হিসেবে দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের তুলনায় খুলনা ও বরিশালে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও মশা নিধন ও জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কাজ চলছে। একই সাথে সরকারি হাসপাতালগুলোতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়সল আলম উপস্থিত ছিলেন।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+