হোম / জাতীয় / বিলুপ্ত হচ্ছে র‌্যাব, আসছে নতুন বাহিনী ‘এসআরব...
জাতীয়

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, আসছে নতুন বাহিনী ‘এসআরবি’

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ০২:৫৪ পূর্বাহ্ন
১৭২ বার পঠিত
ফন্ট:
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনসহ নানা ঘটনায় আলোচনা-সমালোচনায় থাকা এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনসহ নানা ঘটনায় আলোচনা-সমালোচনায় থাকা এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাহিনীটির সুষ্ঠু পরিচালনা ও আইনি ভিত্তি সুদৃঢ় করতে একটি নতুন আইনের খসড়া প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবিত খসড়ায় র‌্যাবের বর্তমান নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) রাখার সুপারিশ করা হয়েছে।

খসড়া আইনের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ১৯৭৯ সালের ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’-এর অধীনে গঠিত র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বাহিনী গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য নতুন আইন প্রণয়ন প্রয়োজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং এ জাতীয় বিশেষায়িত বাহিনীর কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পর্যালোচনা শেষে শিগগিরই খসড়াটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। প্রস্তাব অনুযায়ী, নতুন গঠিত ‘এসআরবি’ বাংলাদেশ পুলিশের একটি সহায়ক বিশেষায়িত বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে।

আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়াটি বর্তমানে প্রাথমিক প্রস্তুতি পর্যায়ে রয়েছে। প্রক্রিয়ার অংশ হিসেবে এতে কিছু কারিগরি সমন্বয় হতে পারে, তবে মূল কাঠামো পরিবর্তনের সম্ভাবনা নেই। মন্ত্রিসভায় প্রাথমিক অনুমোদনের পর এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। পরবর্তীতে মন্ত্রিসভার চূড়ান্ত নীতিগত অনুমোদন শেষে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন ও পাসের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

প্রস্তাবিত আইনে র‌্যাবের বিদ্যমান সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দায়িত্ব, দ্বিপাক্ষিক চুক্তি, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে এসআরবির অধীন স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত র‌্যাবের বর্তমান বিধি-বিধানই বহাল থাকবে।

গঠিত হতে যাওয়া ‘এসআরবি’র প্রধান দায়িত্বের মধ্যে থাকবে—দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস দমন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা এবং সরকার ও আদালত কর্তৃক নির্দেশিত যেকোনো তদন্ত কার্যক্রম সম্পাদন। এছাড়া অর্পিত দায়িত্ব পালনে বাহিনীটিকে যেকোনো স্থানে প্রবেশ, তল্লাশি ও আসামিকে গ্রেফতারের আইনি ক্ষমতাও প্রদান করা হচ্ছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+