হোম / রাজনীতি / জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরা...
রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ০৪:০২ অপরাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, সকালে ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যেই তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন এবং জানালার কাচ ভাঙচুর করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তার নিজ বাসভবনে এ হামলা চালানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, সকালে ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যেই তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন এবং জানালার কাচ ভাঙচুর করেন।

ঘটনার সময় বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন জি এম কাদের। তিনি জানান, সকালে নাস্তার টেবিলে থাকা অবস্থায় হঠাৎ চারদিক থেকে ইটপাটকেল ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে এসে পড়ে। তবে প্রধান ফটকে তালা লাগানো থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। আকস্মিক এ ঘটনার সময় হামলাকারীদের পরিচয় তিনি শনাক্ত করতে পারেননি বলে জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘সাধারণ জনতা’র ব্যানারে ৩০ থেকে ৪০ জন এসে বাসভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। দুপুরে এক বিবৃতিতে তারা জানায়, একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, ঘটনাটি নিয়ে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে পরবর্তী আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+