জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে গত ১০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ অভিযুক্ত মঈনউদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন জানান। সেই আবেদনের শুনানি উপলক্ষে আজ কারাগার থেকে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থানকালে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হন ফিরোজ তালুকদার পলাশ। উদ্ধার করে দ্রুত স্থানীয় মিরপুর আলোক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন