হোম / রাজনীতি / ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা নাহি...
রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট
১৩ অক্টোবর, ২০২৬ | ০৪:২৩ অপরাহ্ন
১০২ বার পঠিত
ফন্ট:

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে দায়ী করে অবিলম্বে দল হিসেবে তাদের বিচারের দাবি জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অতীতের অপকর্মের জন্য তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।’

দেশে ও বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম-খুনে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।’

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের প্রত্যেকের পর্যাপ্ত ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+