হোম / বিশ্ব / শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড: আরও ৫...
বিশ্ব

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড: আরও ৫জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট, ২০২৬ | ০৬:১১ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষায় (JPSC ও JSSC) অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে গড়ে ওঠা তীব্র আন্দোলনের মুখে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে হেমন্ত সোরেনের রাজ্য সরকার।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষায় (JPSC ও JSSC) অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে গড়ে ওঠা তীব্র আন্দোলনের মুখে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে হেমন্ত সোরেনের রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে সংলাপে বসতে সম্মত হয়েছেন। অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের তদন্তে নেমে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নতুন করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে; এ নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ।

শিক্ষার্থী নেতাদের পাঁচ সদস্যের কোর কমিটি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনার জন্য তারা প্রতিনিধি পাঠাতে প্রস্তুত। তবে বিগত ২৬ বছরের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা সাফ জানিয়ে দেন, বন্ধ ঘরের আলোচনায় কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সরাসরি গণমাধ্যমের সামনে উন্মুক্ত মঞ্চে এসে শিক্ষার্থীদের বক্তব্য ও দাবি শুনতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী নেতা রবীন্দ্র পাসোয়ান ও রাধে কুমার জানান, আলোচনার স্বচ্ছতা নিশ্চিত করতে অন্তত দুজন সংবাদমাধ্যম প্রতিনিধিকে সেখানে উপস্থিত রাখতে হবে। অতীতে রুদ্ধদ্বার বৈঠকের নামে আন্দোলন স্থগিত করার চেষ্টা করা হয়েছিল দাবি করে তারা বলেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দেবেন, কেবল তাতেই শিক্ষার্থীরা আস্থা রাখবেন।

ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিংসহ অন্য মন্ত্রীরা জানান, সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রেখেছে এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কারও প্রতি অবিচার হতে দেবেন না। বর্তমানে সিআইডির গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) ডিজিটাল রেকর্ড ও অ্যাপ্লিকেশন লগ বিশ্লেষণ করে অভিযান জোরদার করেছে। এছাড়া, উদ্ভূত পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাজ্যপাল সন্তোষ গংওয়ারকে ইতিমধ্যেই অবহিত করেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত ৫ জুলাই ১৪তম জেপিএসসি (JPSC) সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ তুলে রাজপথে নামেন পরীক্ষার্থীরা। উক্ত প্রিলিমিনারি পরীক্ষা বাতিল এবং বিতর্কিত সংস্থার অধীনে নেওয়া সকল নিয়োগ পরীক্ষা পর্যালোচনার দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+