জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন— ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ আরও তিনজন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রতিবেদনটি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে দীর্ঘ দিন ধরে বিস্তারিত তদন্ত পরিচালনা করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা পড়া তদন্ত প্রতিবেদনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষেই মামলার বিচারিক প্রক্রিয়া এগোবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলন-সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার শুনানিতে অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে তাঁর একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, উক্ত ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের কঠোর শাস্তির আওতায় আনার বিষয় উঠে এসেছিল।

আপনার মতামত দিন