মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে তাঁকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধেই তাঁকে সরে যেতে হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি, যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে—সেটা আমি বক্তব্যে বলবো।"
পদত্যাগের পর মাদকবিরোধী লড়াই আরও জোরদার করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, "এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি (আগ্রাসীভাবে) মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।"
ইশরাকের এমন বক্তব্যে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং দলের সঙ্গে তাঁর সম্ভাব্য রাজনৈতিক মতপার্থক্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, তা পরবর্তী বক্তব্যে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, এই পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা ও প্রশাসনিক কার্যকরিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন