পুরান ঢাকার গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্ক ও পদত্যাগের ঘোষণার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ইশরাকের উদ্দেশ্য ভালো ছিল দাবি করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই তিনি এ ধরনের পরিস্থিতিতে পড়ে ফাঁদে আটকে গেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি নেতা এ প্রতিক্রিয়া জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ইশরাক ভাই রাজনীতিতে নতুন ধারায় কাজ করছেন। তাঁর উদ্দেশ্য ভালো ছিল, তিনি চেয়েছিলেন তাঁর এলাকায় মাদক বন্ধ হোক। কিন্তু মূল ব্যর্থতা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হওয়ায় অন্যেরা এর খেসারত দিচ্ছেন।"
সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে এনসিপি নেতা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সবাইকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও সনাতন ধর্মাবলম্বীরা শতভাগ সুখে বা নিরাপত্তায় আছেন তা বলা যাবে না। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার তথ্য উল্লেখ করে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভাঙচুরের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্য ধর্মের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে যেকোনো ভুল-বোঝাবুঝির অবসানের আহ্বান জানান তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন