ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনা চুক্তির কাছাকাছি পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তারা আর বেশি দিন এটি টেনে নিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না।’
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানের মধ্যস্থতায় চলা আলোচনায় ‘মৌলিক নীতিগুলোতে সমঝোতা’ হয়েছে এবং বিষয়টি এখন চূড়ান্ত হওয়ার পথে। প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের নির্দিষ্ট রুট বা স্থানাঙ্ক (কো-অর্ডিনেটস) নিয়ে উভয় পক্ষ একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমাধান বাকি রয়েছে।
তেহরান স্পষ্ট করেছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি; তবে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে ওয়াশিংটনের বার্তা তারা পেয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাণিজ্যিক নৌচলাচলের ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জাহাজের ওপর জোরপূর্বক টোল আদায়ের কোনো শর্ত যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও তা রাতারাতি পুরো সংঘাত থামিয়ে দেবে না। তবে এই সাময়িক ব্যবস্থাটি ভবিষ্যতে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং বিস্তৃত রাজনৈতিক সমঝোতার পথ সুগম করতে পারে।

আপনার মতামত দিন