নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, ভারত তা সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মুখপাত্র ভারতের পূর্বের অবস্থান স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘অনুষ্ঠানটি আয়োজনের আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম এবং আমি পুনরায় সেই অবস্থানই ব্যক্ত করছি। একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ধরনের ভূমিকা ছিল না।’
গত ৫ আগস্ট ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ আয়োজিত ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া জানায়। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘বাংলাদেশ আরেকটি পাকিস্তান হচ্ছে’ মন্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান, নয়াদিল্লি প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আপনার মতামত দিন