অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের ভূয়া মাইগ্রেশন এজেন্টদের প্রতারণা থেকে দূরে থাকার এবং কেবল দেশটিতে নিবন্ধিত এজেন্ট বা আইনজীবীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক জরুরি সতর্ক বার্তায় এ কথা জানায়।
হাইকমিশনের বার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কর্মসংস্থানের মিথ্যা প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই ভিসা সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য পরামর্শ পেতে অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্ট অথবা অভিজ্ঞ অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়া জরুরি।
বার্তায় আরও উল্লেখ করা হয়, নিবন্ধিত সকল অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) এবং পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়। তাদের মাধ্যমে সেবা নিলে গ্রাহকরা বেশ কিছু সুবিধা পান। যেমন— সেবার ধরন ও আনুমানিক খরচ শুরুতেই লিখিতভাবে জানানো, কাজের বিপরীতে যুক্তিসংগত ফি নির্ধারণ করা এবং ভিসা আবেদনের সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব গ্রাহককে অবহিত করা।
নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের নাম, তালিকা ও বিস্তারিত কার্যক্রম সম্পর্কে জানতে অস্ট্রেলিয়ান হাইকমিশন একটি নির্দিষ্ট ওয়েব নির্দেশিকা (https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf) ভিজিট করার পরামর্শ দিয়েছে।

আপনার মতামত দিন