চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সিঙ্গাপুর সফর।
রবিবার (৯ আগস্ট) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি এ সফরে থাকবেন।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
বৈঠকের পাশাপাশি তিনি দেশটির শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 'পিএসএ ইন্টারন্যাশনাল' এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 'টুয়াসওয়ান' পরিদর্শন করবেন।
এছাড়া সিঙ্গাপুরে কর্মরত প্রায় দেড় লাখ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
নতুন সরকারের প্রথম এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা নতুন গতি পাবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত দিন