কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টায় তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরিদর্শনের পর তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।
দুপুরের পর চট্টগ্রাম সফরের অংশ হিসেবে দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির পেহেলগাজী দীঘির মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে কিছু সময় অবস্থানের পর, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দিনের শেষভাগে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে রাতেই তাঁর রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

আপনার মতামত দিন