কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে ইতিমধ্যেই বহু ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। খবর আল জাজিরার।
‘বাল্ড রেঞ্জ’ নামের এই দাবানল দ্রুত বিস্তৃতি লাভ করে প্রায় ৯ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়িয়ে ছারখার করেছে। আগুনের মুখে ওকানাগান লেকের পশ্চিমে অবস্থিত সামারল্যান্ড, পিচল্যান্ডসহ আশপাশের একাধিক এলাকায় জরুরি ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শনিবার (৮ আগস্ট) ভোরে প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রিমিয়ার ডেভিড এবি। তিনি জানান, প্রদেশটিতে সক্রিয় থাকা শতাধিক দাবানলের প্রায় অর্ধেকই বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে। তীব্র দাবদাহ, ঝোড়ো বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
জরুরি নির্দেশের পর ১২ হাজার বাসিন্দার পুরো সামারল্যান্ড শহর খালি করা হয়েছে। এছাড়া পিচল্যান্ড ও পার্শ্ববর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও প্রায় ৮ হাজার মানুষকে। বিসি ওয়াইল্ডফায়ার সার্ভিস পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে।
সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া অনেককে হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজে সহায়তা ও বাস্তুচ্যুতদের আশ্রয়ের সুবিধার্থে প্রশাসন বিশেষ ক্ষমতা প্রয়োগ করছে।
বর্তমানে ১,৫০০ জনের বেশি দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকো, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও নিউজিল্যান্ডের ফায়ারফাইটারাও যোগ দিয়েছেন। যেকোনো মুহূর্তে পরিস্থিতি মোড় নিতে পারে সতর্ক করে দিয়ে ডেভিড এবি স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে সরকারি নির্দেশ মেনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত দিন