রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।
রোববার (৯ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশন আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে জমা পড়া মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে এই নির্বাচনের তফসিল ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

আপনার মতামত দিন