দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু। আজ রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জন—সর্বমোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৯৩৮ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে, যার মধ্যে ১৭ হাজার ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন এবং ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আপনার মতামত দিন