হোম / জাতীয় / চলতি অর্থবছরে ৪১ লাখ মা পাবেন ‘ফ্যামিলি কার্ড...
জাতীয়

চলতি অর্থবছরে ৪১ লাখ মা পাবেন ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬ | ০৫:৪৫ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ মাকে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ মাকে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আওতায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

রোববার দুপুরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে মতবিনিময় এবং গৃহহীন ১০০ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

তারেক রহমান বলেন, “সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, তাই আপনাদের পাশে থাকাই সরকারের প্রধান দায়িত্ব। সরকার গঠনের এক মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করেছি। এর মূল উদ্দেশ্য হলো নারীদের স্বাবলম্বী করা, মায়েদের হাত শক্তিশালী করা এবং পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও যেন হাল ধরতে পারেন তা নিশ্চিত করা।” তিনি জানান, এই কর্মসূচি অব্যাহত থাকবে।

কৃষকদের কল্যাণে নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শীঘ্রই 'কৃষক কার্ড' চালু করা হচ্ছে এবং বাঁশখালীর লবণচাষিরাও এর সুফল পাবেন। ইতোমধ্যে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে, যা দ্রুতই বিস্তারিত জানানো হবে।

শিল্পায়ন ও চট্টগ্রামের মেগা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ সমুদ্রভিত্তিক সম্পদকে কাজে লাগিয়ে দেশের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন করা সম্ভব। মাতারবাড়ী থেকে মীরসরাই পর্যন্ত নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং আনোয়ারায় বিশেষ প্রক্রিয়ায় কয়েক শ শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে সামাজিক ও রাজনৈতিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।

এ সময় বাঁশখালী উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আগামী ১০ বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

স্বাধীনতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “বাংলাদেশ ৫০ বছর পার করেছে। অনেক দেশ পরে স্বাধীন হয়েও কঠোর পরিশ্রমে এগিয়ে গেছে, তাই আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম হাতে রূপান্তর করে প্রতিটি পরিবারের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় সংসদ সদস্যগণ এবং দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+