প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।"দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটিই প্রথম সাক্ষাৎকার। বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয়। গত ৫ জুন পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে তিনি ঢাকায় আসেন এবং ২৫ জুন তৎকালীন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এর আগে গত ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
দীনেশ ত্রিবেদীর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় ভার্মা, যিনি বর্তমানে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

আপনার মতামত দিন