২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশ। আটটি জেলার সার্বিক ফলাফলে শীর্ষ স্থান দখল করেছে বগুড়া জেলা। বরাবরের মতো এবারও এই বোর্ডে পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বোর্ডের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন।
বোর্ড ও জেলাভিত্তিক ফলাফলের চিত্র:
রাজশাহী বোর্ডের মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
জেলাভিত্তিক পারফরম্যান্সে সবচেয়ে সফল বগুড়া। জেলাটির ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৩৮৯ জন পাস করেছে; পাসের হার ৭২.৬৪ শতাংশ। এছাড়া সর্বোচ্চ ৪ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ পেয়ে তালিকার শীর্ষে রয়েছে জেলাটি। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন জানান, শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মনোযোগ ও ভালো লেখাপড়ার কারণেই বগুড়া জেলা সেরা ফলাফল অর্জন করেছে।
অন্যান্য জেলাগুলোর মধ্যে জয়পুরহাটে পাসের হার ৬৭.৫৩% (জিপিএ-৫: ৮৪৭), চাঁপাইনবাবগঞ্জে ৬৫.১৩% (জিপিএ-৫: ১,১৩৮), নওগাঁয় ৬২.৪৯% (জিপিএ-৫: ১,৭৩০), রাজশাহী জেলায় ৬২.২৮% (জিপিএ-৫: ২,৯৪৯), নাটোরে ৬১.২৫% (জিপিএ-৫: ১,০৯৪) এবং পাবনায় ৬০.৭৬% (জিপিএ-৫: ১,৯৭০)। সবচেয়ে কম পাসের হার সিরাজগঞ্জ জেলায়, যেখানে ৫৮.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও ১,৯০৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েরা বড় ব্যবধানে এগিয়ে। বোর্ডের ৯২ হাজার ৭৭৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন (পাসের হার ৫৭.৩৩%)। অন্যদিকে ৮৩ হাজার ২৭১ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮.৮৯৫ জন (পাসের হার ৭০.৭৩%)। পরিসংখ্যান অনুযায়ী, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১৩.৪০ শতাংশ পয়েন্ট বেশি।

আপনার মতামত দিন