হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। ইরান ও ওমানের মধ্যকার আলোচনায় নৌপথটি খুলে দেওয়া নিয়ে পরিষ্কার কোনো বার্তা না আসায় বাজারে এ প্রভাব পড়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্কিং ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৪৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮.৭৯ ডলারে।
এর আগে ইরান ও ওমানের সমঝোতার আশায় বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছিল যে, প্রণালিটি উন্মুক্ত হতে যাচ্ছে। সেই সম্ভাবনার ওপর ভিত্তি করে গত সপ্তাহে উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল।
উল্লেখ্য, বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ। বর্তমান সংঘাত বা যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হতো।

আপনার মতামত দিন