যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৮৩ বছর বয়সী জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার সংকটাপন্ন এই তথ্য প্রকাশ করে তিনি জানান, ব্যাধিটি ছড়িয়ে পড়ার পর থেকেই বাইডেন তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করছেন।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, “বাবার এই অবস্থা দেখা সত্যিই খুব কঠিন এবং বেদনাদায়ক। আমি চাই তিনি তাঁর কষ্ট ও অভিযোগগুলো অন্তত প্রকাশ করুন, কারণ পরিস্থিতি মোটেও ভালো নয়।” তিনি আরও যোগ করেন, ক্যানসার হাড় ও শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ায় এটি অত্যন্ত কষ্টদায়ক ও শারীরিক ক্ষমতা হ্রাসকারী হলেও দেশের প্রতি অগাধ বিশ্বাস থেকে তাঁর বাবা এখনো মানসিকভাবে সক্রিয় রয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে আগ্রাসী মাত্রার প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এর পর থেকে তিনি নিয়মিত হরমোন থেরাপি এবং রেডিয়েশন থেরাপির মধ্যে রয়েছেন।
দীর্ঘ এই সাক্ষাৎকারে প্রেসিডেন্টের মেয়াদের শেষ সপ্তাহে পাওয়া বাবার ক্ষমা প্রদর্শন সংক্রান্ত আদেশ নিয়ে কথা বলেন হান্টার। তিনি জানান, বাবার এই সিদ্ধান্তের কারণে তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলে মনে করেন এবং তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।
২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার মুখে একটি বিশেষ আদেশের মাধ্যমে ছেলেকে সম্পূর্ণ ক্ষমা প্রদর্শন করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির অপরাধ সংক্রান্ত মামলার রায় কার্যকর স্থগিত হয়ে যায়।

আপনার মতামত দিন