যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলের রকি পর্বতমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বার্তাসংস্থা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত থ্রি ক্রিকস জলাধার এলাকায় সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এটি ওয়াইডমাউথ টু দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত ছিল। যুক্তরাষ্ট্রের বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় ‘হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিস’ নামক একটি প্রতিষ্ঠান বিমানটি পরিচালনা করছিল।
দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার এনআইএফসি (ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার) দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তীব্র দাবানল এবং খাড়া পাহাড়ি ঢালের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে ধ্বংসাবশেষ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়, তবে তাঁদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ইউটার গভর্নর স্পেন্সার কক্স এই ঘটনায় শোক প্রকাশ করে দাবানল নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজ’ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ফিসলেক জাতীয় বনে বজ্রপাত থেকে এই ওয়াইডমাউথ টু দাবানলের সূত্রপাত হয়। ইতোমধ্যে এটি প্রায় ৪৫ হাজার হেক্টর বনভূমি গ্রাস করেছে, যা চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে যাচ্ছে। শনিবার পর্যন্ত দাবানলের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অনিয়ন্ত্রিত এই আগুনের মুখে এনআইএফসি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে।
এটি চলতি বছর ইউটায় দ্বিতীয় প্রাণঘাতী দাবানল দুর্ঘটনা। এর আগে গত জুনে কলোরাডো সীমান্তের কাছে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজন দমকলকর্মী প্রাণ হারিয়েছিলেন।

আপনার মতামত দিন