দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনেই ৪ হাজার ৭৬১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৬১ জনেই অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন; এই এক মাসেই ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এর আগের মাস জুনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন।
বছরের শুরুর দিকে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্ষা মৌসুমের সঙ্গে সঙ্গে আগস্টে সংক্রমণ আরও দ্রুতগতিতে বাড়ছে।

আপনার মতামত দিন