বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর বরিশাল সফরের দ্বিতীয় দিনে সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাসভবনে এক সৌজন্য মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। তথ্যমন্ত্রীর নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে জানানো হয়, আনুষ্ঠানিক কূটনৈতিক ব্যস্ততার বাইরে এই আয়োজনটি বরিশালের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একটি আন্তরিক পরিচয়ের সুযোগ তৈরি করে দেয়। মধ্যাহ্নভোজে আপ্যায়নের পূর্বে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় স্মৃতিস্বরূপ একটি গাছের চারা রোপণ করেন।
আমন্ত্রিত অতিথির জন্য মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় বরিশালের বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী সব খাবার। খাবারের মেনুতে ছিল ইলিশ ও আইড়সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, হরেক রকমের ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার জনপ্রিয় পদসমূহ। আতিথেয়তার মিষ্টিমুখ হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর ঐতিহ্যবাহী শচীন ঘোষের বিখ্যাত রসমালাই, দধিসহ কয়েক পদের দেশীয় মিষ্টি।
তথ্যপ্রযুক্তির এই যুগে স্থানীয় খাবারের বৈচিত্র্য ও বরিশালের ঐতিহ্যবাহী আতিথেয়তার উষ্ণতায় পুরো আয়োজনটি মার্কিন রাষ্ট্রদূতের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয় বলে পোস্টে উল্লেখ করা হয়।

আপনার মতামত দিন