ভারতের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর বিষণ্ণতা ও পরকীয়ার সন্দেহে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহত দুই শিশুর বয়স ১০ ও ৫ বছর।
পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী অভিযুক্ত এসজি ইমরানকে হোটেলের কক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। হোটেলের নিরাপত্তাকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, ইমরান গত রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় দুই মেয়েকে নিয়ে ওই হোটেলে ওঠেন। পরদিন বিকেল ৪টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরা কক্ষ পরিষ্কারের জন্য দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরবর্তীতে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বিছানায় দুই শিশুর নিথর দেহ এবং পাশে ইমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ইমরান দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শাস্তি দিতে সন্তানদের হত্যা করেছেন বলে দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার জি কে মিথুন কুমার জানান, অভিযুক্ত ইমরান নিজেই দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ জানতে পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদসহ গভীর তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত দিন