সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশের একটি আদালত। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত তাঁর অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে মানবতাবিরোধী হত্যা ও হত্যায় উসকানির অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। খবর তুর্কি টুডের।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়, মামলার বিচারে আদালতের সব বিচারক সর্বসম্মতিক্রমে বাশার আল-আসাদকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দেন। রায় ঘোষণাকালে আদালত উল্লেখ করেন, শিশুসহ অসংখ্য নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা ও নির্মম নির্যাতনের দায়ে তিনি সরাসরি অভিযুক্ত। বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, এসব অপরাধ সংঘটনে বাশার আল-আসাদই ছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পুরো সরকারি ব্যবস্থাকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।
একই মামলায় বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। তাঁর বিরুদ্ধেও পরিকল্পিত হত্যা, নির্যাতন ও উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে আদালত দুই ভাইয়ের বিরুদ্ধেই আন্তর্জাতিক পরোয়ানা জারি ও গ্রেপ্তারি তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের শাসনের পতন ঘটলে বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন। ফলে এই বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের রায় তাঁর অনুপস্থিতিতেই সম্পন্ন হয়।

আপনার মতামত দিন