দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৯৭৯ শিশু। আজ মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১০৭ শিশুর শরীরে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পাশাপাশি হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছে আরও ৮৭২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮২ শিশুর। এ ছাড়া ল্যাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৮ শিশু। ফলে সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে দেশে মোট ৮৮০ শিশুর প্রাণহানি ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বছরের নির্দিষ্ট সময়ে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৩৮হাজার ১৮৪জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৭হাজার ৩৮৫জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১লাখ ২০হাজার ১৩৪জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১লাখ ১৫হাজার ৯৮০জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

আপনার মতামত দিন