দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। দীর্ঘ ৩৫বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ায় একে ঘিরে আগ্রহ তুঙ্গে। তবে জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয়ই কার্যত নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের একক দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। প্রার্থী তালিকায় বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও সবচেয়ে এগিয়ে রয়েছেন দলের মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা জ্যেষ্ঠ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
এদিকে, এই নির্বাচনে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের পক্ষে একক প্রার্থী দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন জোট সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। ফলে দীর্ঘ সাড়ে তিন দশক পর আবারও ভোটাভুটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৩আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬আগস্ট বাছাই এবং ১৮আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০আগস্ট।
প্রসঙ্গত, ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা ফের চালু হওয়ার পর সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটাভুটি হয়েছিল। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই ক্ষমতাসীনদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন।

আপনার মতামত দিন