পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ দিনটিকে ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে সরকারি দপ্তরগুলোর জন্য দিবসটিতে কোনো সাধারণ ছুটি নেই; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
ছুটির বিজ্ঞপ্তির আওতায় রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক নোটিশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করেছে।
উল্লেখ্য, আরবি ও ফারসি শব্দের সংমিশ্রণে গঠিত ‘আখেরি চাহার সোম্বা’ শব্দটির অর্থ ‘শেষ চার নম্বর বুধবার’। ইসলামিক সংস্কৃতিতে হিজরি সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-ধর্মীয় সংগঠন দোয়া, মিলাদ মাহফিল ও জিকির-আজকারের আয়োজন করেছে।

আপনার মতামত দিন