বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য জনঅস্থিরতার চিত্র বিবেচনায় নিয়ে নিজেদের দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনায় উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের আশঙ্কায় ভ্রমণকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১০আগস্ট) দেশটির সরকারের ওয়েবসাইটে এই তথ্য হালনাগাদ করা হয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেও বাংলাদেশ ভ্রমণের বিষয়ে দুই দফায় সতর্কতা হালনাগাদ করেছিল দেশটি। তবে নতুন এই আপডেটেও বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা’ ক্যাটাগরিতেই রাখা হয়েছে।
কানাডা সরকারের ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনো সময় বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভ সহিংস রূপ নিতে পারে। এতে আকস্মিক যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতিতে ভ্রমণরত বা অবস্থানরত কানাডীয় নাগরিকদের যেকোনো বড় জনসমাগম ও রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলা এবং স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে সতর্কতা আরও কঠোর করেছে অটোয়া। ঐ এলাকাগুলোতে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সশস্ত্র সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করে কানাডার নাগরিকদের পার্বত্য এলাকায় সব ধরনের সফর পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সার্বক্ষণিক স্থানীয় গণমাধ্যমের সংবাদ অনুসরণ করা, নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন ঘটলে সতর্ক থাকা এবং ভ্রমণের আগেই কানাডা সরকারের অফিসিয়াল পোর্টাল থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন