ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। একই সঙ্গে ইরানের বর্তমান অবস্থা যুক্তরাষ্ট্রের অনুকূলে রয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ইরান ভালো আছে—একদম ঠিকঠাকই আছে। হরমুজ প্রণালী এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। অন্য কোনো দেশের সেখানে নিয়ন্ত্রণ নেই। আমাদের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং আমাদের দেশের জন্য সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে।”
ইরান সরকারের ব্যাপারে নিজের অনাস্থার কথা স্পষ্ট করে তিনি আরও বলেন, “আমি ইরানকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। আমি সম্ভবত শেষ ব্যক্তি যে তাদের বিশ্বাস করবে; কারণ তারা ক্রমাগত মিথ্যা বলে এসেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের একক কর্তৃত্ব রয়েছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।”

আপনার মতামত দিন