কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আজ বুধবার (১২আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী (পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন), অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস (উখিয়ার ৮ এপিবিএনে কর্মরত ছিলেন) এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাময়িক বরখাস্ত থাকা কাজী আশরাফুল আজীম।
প্রজ্ঞাপনে জানানো হয়, ওই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে দায়িত্বে যোগ না দেওয়ায় তাঁদের নোটিশ পাঠানো হলেও তারা কার্যালয়ে উপস্থিত হননি কিংবা অবস্থান জানাননি। অনুমোদন ছাড়া অনুপস্থিতির মেয়াদ ৬০ দিনের বেশি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
পরবর্তীকালে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো জবাব দেননি। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগসমূহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত গ্রহণ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে মহামান্য রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের চাকরি থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।

আপনার মতামত দিন