দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২জন এবং ঢাকা ও বরিশাল বিভাগে ১জন করে মোট ৪শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৮৬ জন এবং হাম নিশ্চিত হয়ে ৯৯ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৪১ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে এবং ১৭ হাজার ৪৬৯ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

আপনার মতামত দিন