হোম / জাতীয় / টানাপোড়েন কাটিয়ে দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন...
জাতীয়

টানাপোড়েন কাটিয়ে দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
১২ আগস্ট, ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্রুতই ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্রুতই ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রসমূহ নিশ্চিত করেছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ইতিবাচক, স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির ওপর দাঁড় করানোই হবে এই সফরের মূল উদ্দেশ্য। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ‘ব্রিকস’ (BRICS) সম্মেলনের আগেই এই দ্বিপক্ষীয় সফরটি সম্পন্ন হতে পারে। সে ক্ষেত্রে চলতি মাসেই দিল্লি পৌঁছাতে পারেন প্রধানমন্ত্রী। আর ব্রিকস সম্মেলনে সশরীরে অংশ না নিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো হতে পারে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তৈরি হওয়া পারস্পরিক মনস্তাত্ত্বিক টানাপোড়েন কাটিয়ে উঠে দ্বিপক্ষীয় সুসম্পর্ক পুনর্গঠনে তারেক রহমানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের প্রত্যর্পণ, সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক বাণিজ্যে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষাপটে দুই দেশই আলোচনা ও সমঝতার পথে হাঁটতে চাইছে।

২০২৪ সালের ৫আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন ও পরবর্তীতে দীর্ঘ ১৭বছর পর নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত, চীন, মালয়েশিয়া ও জাপানসহ বিভিন্ন দেশ সফরের আমন্ত্রণ জানায়। এরই মধ্যে তিনি মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় এ সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গঙ্গা পানিচুক্তি নবায়ন, তিস্তা চুক্তি, বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহার, সাধারণ মানুষের চলাচলের সুবিধা পুনরায় চালু করা এবং বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যর্পণের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হবে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের বর্ষীয়ান কূটনীতিক ও হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার জানান, দ্বিপক্ষীয় যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এবং সম্পর্কের ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের কল্যাণ। পরবর্তীতে তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে মোদির বিশেষ দিকনির্দেশনা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের মতে, ব্রিকসের মতো বহুপক্ষীয় মঞ্চের চেয়ে সরাসরি দ্বিপক্ষীয় সফর ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে বেশি কার্যকর ভূমিকা পালন করবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+