সংবিধানের ৭০অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে আগামী ২০আগস্ট নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী রবিবার (১৬ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে আইন সচিব ও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিবাদী করা হয়েছে।
দায়েরকৃত রিটের বিষয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, “ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংবিধানের ৭০অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে কোনো সংসদ সদস্যের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ থাকে না। ফলে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও এক রাজনৈতিক দলের সংসদ সদস্য অন্য দলের প্রার্থীকে ভোট দিতে পারেন না, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তাই এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।”
উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ৭০অনুচ্ছেদ অনুযায়ী—কোনো নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি নিজ দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দান করেন, তবে সংসদে তার সদস্যপদ বা আসন শূন্য হয়ে যাবে।
রিট আবেদনকারীর মতে, এই অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে নিরপেক্ষ ও স্বাধীন ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে হাইকোর্টের শুনানির পর আদালতের পরবর্তী আদেশ জানা যাবে।

আপনার মতামত দিন