অনলাইন পেজ থেকে শাড়ি নিয়ে 'প্রতারণা ও বিশ্বাসভঙ্গের' অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক। এর আগে গত ১২ জুলাই আদালত তাঁকে আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন।
মামলার নথিসূত্রে জানা যায়, 'অ্যাপোনিয়া' নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি কেনেন তানজিন তিশা। প্রতিশ্রুতি ছিল শাড়িটির প্রচারণা চালানো কিংবা নির্ধারিত মূল্য পরিশোধ করা। তবে অভিযোগ উঠেছে, শাড়িটি নেওয়ার পর সংশ্লিষ্ট পেজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন এই অভিনেত্রী।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে অনলাইনের পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) ঘটনার তদন্তের নির্দেশ দেন।
সম্প্রতি ডিবির তদন্তে তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। আদালত সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন, যা অনুসরণে আজ আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

আপনার মতামত দিন