আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৩আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে আয়োজিত দলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এরই মধ্যে দলীয় পদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশনে (ইসি) তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৩আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়। আগামী ১৬আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে জমা পড়া মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

আপনার মতামত দিন