২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫০মিনিটে ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে রয়েছেন এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
মনোনয়নপত্র জমাদানকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে কাগজপত্র তুলে দেন। এ সময় ১১দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮আগস্ট। সব প্রক্রিয়া শেষে আগামী ২০আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ৩৪৯জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার মতামত দিন