প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ কোনো বৈদেশিক সফরের দিনক্ষণই এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসলে দ্বিপক্ষীয় অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্র তৈরি হওয়া সুযোগটি ভারতের ইতিবাচকভাবে কাজে লাগানো উচিত বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রীর ভারত ও সম্ভাব্য জাপান সফরের বিষয়টি স্পষ্ট করে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান বা ভারত সফর করবেন, সেই তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। সুবিধাজনক ও উপযুক্ত সময়ে দুই দেশের সমন্বয়ে দিনক্ষণ নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে অভ্যন্তরীণ নানা কাজে ব্যস্ত আছেন। তাই এই সফরগুলো এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে রয়েছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগ এখনো আমাদের মনে তাজা। তবে দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসলে অনেক সমস্যারই শান্তিপূর্ণ সমাধান সম্ভব। ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে; ভারত সেই সুযোগ কীভাবে কাজে লাগাবে, তা তাদেরই ভেবে দেখতে হবে।”
অন্য এক প্রসঙ্গে সিঙ্গাপুর সফর ও শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারি পর্যায়ে সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে সেখানে রপ্তানি বাড়াতে ইতিবাচক আলোচনা হয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের আধুনিক প্রজেক্টও তিনি পরিদর্শন করে এসেছেন বলে জানান।

আপনার মতামত দিন