ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এই সংকটময় মুহূর্তে আসলে আমাদের হাত গুটিয়ে দিন গোনা ছাড়া খুব বেশি কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত আমরা সমুদ্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াতে পারছি না। বর্তমানে প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন।”
জ্বালানিমন্ত্রী জোর দিয়ে বলেন, “কিছু বিষয়ে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে অচল হয়ে পড়েছে। আমরা জোরজবরদস্তি করে তো আর তা তাৎক্ষণিকভাবে ঠিক করিয়ে নিতে পারি না। বিশেষজ্ঞ প্রকৌশলীরা যেভাবে দিকনির্দেশনা দিচ্ছেন, কাজ সেভাবেই এগোচ্ছে।”
মেরামত কাজের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, টার্মিনালটি মেরামতের জন্য প্রয়োজনীয় বিদেশি সরঞ্জাম দেশে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই তা সরাসরি কাজের স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। এফএসআরইউ মেরামতের মূল দায়িত্ব মালিকানাধীন আমেরিকান কোম্পানির হলেও বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতির তদারকি করছেন।

আপনার মতামত দিন