বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৩আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, জমা পড়া ৩টি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে। এর আগে গত ২৪জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া শুরু করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬আগস্ট সকাল ১০টা থেকে সংসদ সচিবালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮আগস্ট এবং শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে আগামী ২০আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন