যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামকে (৭১) বিগত প্রায় ৩০ বছর ধরে খুঁজছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই)। তাকে গ্রেপ্তারে সহায়তার লক্ষ্যে চলতি বছরই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত সাতবার তথ্য চেয়ে বিশেষ পোস্ট দিয়েছে সংস্থাটি।
এফবিআইয়ের নথিপত্র অনুযায়ী, ১৯৯৬ সালের অক্টোবরে পেনসিলভানিয়ায় কর্মরত থাকাকালে জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী রোগীকে বিশেষ ওষুধ প্রয়োগে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে বিচার ও আইনি প্রক্রিয়া এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। ১৯৯৭ সালের জুলাইয়ে মার্কিন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এফবিআইয়ের বার্তায় জানানো হয়, ৭১ বছর বয়সী এই পলাতক চিকিৎসকের সঙ্গে তাঁর স্ত্রীও থাকতে পারেন, যিনি পেশায় একজন চিকিৎসক। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্ক কিংবা কানাডার মনট্রিয়লে তাদের যোগাযোগ বা উপস্থিতি থাকতে পারে।
সংস্থাটি অনুরোধ জানিয়েছে, এই চিকিৎসকের বিষয়ে কোনো তথ্য কারো জানা থাকলে তা যেন নিকটস্থ এফবিআই কার্যালয় কিংবা মার্কিন দূতাবাসে যোগাযোগ করে জানানো হয়।

আপনার মতামত দিন