হোম / বিশ্ব / ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,...
বিশ্ব

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূকম্পনের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এনদে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। মূল ভূকম্পনের পরবর্তী আধা ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার তিনটি আফটারশক অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, মাউমেরে বন্দরে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভূমিকম্পের প্রভাবে মাউমেরে অঞ্চলের বিভিন্ন ভবন, রাস্তাঘাট ও বন্দরের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির প্রবল ঝুঁকি তৈরি হওয়ায় ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) উপকূলীয় অধিবাসীদের দ্রুত সমুদ্রসৈকত ও নদীর তীর ছেড়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের উপকূল থেকে অন্তত দুই কিলোমিটার ভেতরের এলাকায় অথবা ১০ মিটারের চেয়ে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় চরম ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভয়াবহ ভূকম্পন ও সুনামি ঘটে থাকে। এর আগে ১৯৯২ সালের ডিসেম্বরে ফ্লোরেস দ্বীপের একই অঞ্চলে এক প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে ২ হাজার ৫০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+