২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, সরকার ঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ১৮ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রায় দুই মাস সময় পাবে। তবে অন্যান্য বছর নির্বাচনী পরীক্ষার পর আড়াই থেকে তিন মাস সময় পাওয়া গেলেও এবার প্রস্তুতির সময় কিছুটা কমে আসছে।
প্রস্তুতির সময় কমে যাওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে পুরো সিলেবাস শেষ করা চ্যালেঞ্জিং হতে পারে বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রস্তুতি ও রিভিশনের জন্য পর্যাপ্ত সময় না পেলে শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।
তবে উদ্বেগের জবাবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়মতো সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে প্রস্তুত করতে হবে।"
উল্লেখ্য, করোনা মহামারির পর থেকে শিক্ষাবর্ষের স্বাভাবিক সূচি ব্যাহত হচ্ছিল। ২০২৬ সালেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিলে। শিক্ষাবর্ষকে পুনরায় স্বাভাবিক ট্র্যাকে ফেরাতে এবং শিক্ষার্থীদের সেশনজট ও বিদেশে উচ্চশিক্ষার জটিলতা কাটাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সময়সূচি ধীরে ধীরে স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবেই ২০২৭ সালের পরীক্ষা জানুয়ারির শুরুতে নেওয়ার উদ্যোগ বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি।

আপনার মতামত দিন