হোম / জাতীয় / এসএসসিতে সেরা ২৫ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পা...
জাতীয়

এসএসসিতে সেরা ২৫ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ঢাকার ডিসি

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬ | ০৩:১৩ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
এসএসসি ও সমমানের পরীক্ষায় অসাধারণ ফল অর্জন করায় ঢাকা জেলার ২৫জন মেধাবী শিক্ষার্থীকে চিঠি লিখে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অসাধারণ ফল অর্জন করায় ঢাকা জেলার ২৫জন মেধাবী শিক্ষার্থীকে চিঠি লিখে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। আকস্মিক এই শুভকামনা বার্তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে অনুপ্রেরণাদায়ী বই, ফুল ও মিষ্টি উপহার।

শনিবার (১৫আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এই ব্যতিক্রমী উদ্যোগের কথা জানা যায়।

শিক্ষার্থীদের পাঠানো বিশেষ চিঠিতে জেলা প্রশাসক ফরিদা খানম লিখেছেন, "তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকেই নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি। এসএসসি পরীক্ষায় তোমার এই আকাশছোঁয়া ও গৌরবময় সাফল্যে ঢাকার জেলা প্রশাসন এবং আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন।"

চিঠিতে তিনি শিক্ষার্থীদের শুধুমাত্র জিপিএ-৫-এর ফ্রেমে আটকে না থেকে আধুনিক তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হওয়ার আহ্বান জানান। মেধা দিয়ে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও লেখেন, "নিজেকে কখনো ছোট ভেবো না, তোমার স্বপ্ন হোক আকাশচুম্বী।"

জেলা প্রশাসকের হাত থেকে সরাসরি এমন আবেগঘন বার্তা ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একইভাবে সরাসরি চিঠি ও বই উপহার পাঠিয়েছিলেন।

এই উদ্যোগের বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের নাগরিক ও প্রশাসনিক দায়িত্ব। তাদের সাফল্য শুধু পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের নয়, পুরো ঢাকা জেলার গর্ব। এই ছোট্ট উপহার ও চিঠির মাধ্যমে আমরা তাদের জানাতে চেয়েছি যে তাদের মেধা ও স্বপ্নের পাশে জেলা প্রশাসন রয়েছে।"

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+